বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের উদ্যোগে বন্যার্ত এলাকায় ত্রাণ বিতরণ

২৬ আগষ্ট, ২০২৪ ১৬:০২  

শিল্প মন্ত্রালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের উদ্যোগে কুমিল্লা, ফেনী ও নোয়াখালী জেলার বন্যার্ত জনগোষ্ঠীর মানবিক সহায়তার লক্ষ্যে  ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার (২৬ আগস্ট) এ ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। বিএসইসির চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, পরিচালকবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানান এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

বিএসইসির চট্রগাম অঞ্চলের একটি দল ফেনী অংশে এবং বিএসইসি প্রধান কার্যালয় ঢাকা অঞ্চলের একটি দল কুমিল্লা অংশের প্রকৃত বন্যার্ত জনগোষ্ঠীর মধ্যে নৌকায় করে দুই ধরনের ভিন্ন ভিন্ন ৩০০টি ব্যাগে  চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, মুড়ি, চিনি, লবণ, স্যালাইন, টোস্ট বিস্কুট, বেকারি ব্রেড, গ্যাস লাইটার, বল সাবান, গামছা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্পটে সরেজমিনে স্থানীয় লোকের সহযোগিতায় তালিকা করে প্রকৃত বন্যার্ত লোকদের মধ্যে এ মানবিক সহায়তা সামগ্রী দেয়া হয়। এ সময় বিএসইসি টিমের সমন্বয়কারী সংস্থার পক্ষে চিফ অডিটর মো. সেলিম হাওলাদার, ডিজিএম ইমরান আল আজিজ, জনসংযোগ কর্মকর্তা আলাউদ্দীন মৃধাসহ ১৭জন এ কাজে অংশ গ্রহণ করেন।

এ সময় তারা মনোহরগঞ্জের তৌরাইশ তাহেরিয়া দাখিল মাদরাসাসহ কয়েকটি কেন্দ্রে আশ্রিত জনসাধারণের খোঁজ খবর নেন ও ত্রাণ সামগ্রী তুলে দেন। এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায় তাদের আরো ত্রাণের প্রয়োজন রয়েছে।